এমটিনিউজ২৪ ডেস্ক : তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজ ও রসুনের দাম কমেছে। মোকামে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি দেশি পেঁয়াজ ১৫ টাকা কমে বর্তমানে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে দেশি রসুনের দাম কেজিপ্রতি ১০০-১২০ টাকা থেকে কমে ৭০ টাকায় নেমে এসেছে। তবে আদার দাম এখনো তুলনামূলক বেশি, কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
রমজান মাসে নিত্যপণ্যের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাজারে কেনাকাটা করতে আসা রফিকুল ইসলাম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে কিছু নিত্যপণ্যের দাম কমেছে। গত সপ্তাহে তিনি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলেও এখন ২৮ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। একইভাবে রসুনের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকলে সাধারণ মানুষের জন্য তা বড় স্বস্তির বিষয় বলে তিনি মন্তব্য করেন।
হিলি বাজারের বিক্রেতা রায়হান কবির জানান, মোকামে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তারা কম দামে পণ্য কিনতে পারছেন এবং সেই অনুযায়ী খুচরা বাজারে বিক্রি করছেন। তবে রমজান মাস হওয়া সত্ত্বেও প্রত্যাশিত ক্রেতা নেই বলে জানান তিনি। তার মতে, খুচরা বাজারের পাশাপাশি মোকাম পর্যায়ে নিয়মিত অভিযান চালালে নিত্যপণ্যের দাম আরও কমে আসতে পারে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে হিলিসহ আশপাশের বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।