এমটিনিউজ২৪ ডেস্ক : ভূমিকম্পসহ যেকোনো ধরনের দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মতো রাজধানীতেও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, ‘দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের অবস্থান নেয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় রাজধানীতে স্কুল, খেলার মাঠ, খোলাস্থান চিহ্নিত করে স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।’
অন্যদিনের মতো রোববারও যথাসময়ে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এদিকে বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ আন্তর্জাতিক বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।