সোমবার, ০২ মার্চ, ২০২৬, ০৩:০০:২৫

অবশেষে বড় সুখবর ভারত-বাংলাদেশ ভিসা দেওয়া নিয়ে

অবশেষে বড় সুখবর ভারত-বাংলাদেশ ভিসা দেওয়া নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হতে যাচ্ছে, এমন সুখবর দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি জানিয়েছেন, দুই দেশের ঘনিষ্ঠ বাণিজ্যিক ও জনগণের পারস্পরিক যোগাযোগের স্বার্থে ভিসা সেবা দ্রুত স্বাভাবিক করা হবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রণয় কুমার ভার্মা।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে বাণিজ্য আরও সম্প্রসারণে আগ্রহী ভারত।

বৈঠকে সীমান্ত হাট (বর্ডার হাট) ও বন্ধ থাকা কয়েকটি স্থলবন্দর পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে এ বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে আসছে ভারত। সবশেষ সোমবার বাংলাদেশিদের ভিসা সেবা স্বাভাবিক করার বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে