বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:০৮:০৫

ই-হেলথ কার্ড চালু কবে থেকে, জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ই-হেলথ কার্ড চালু কবে থেকে, জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় এনে আরও আধুনিক, সমন্বিত ও জনবান্ধব করতে আগামী জুনের মধ্যেই ‘জাতীয় ই-হেলথ কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় ই-হেলথ আইডি বাস্তবায়নের প্রস্তুতি পর্যালোচনা’ শীর্ষক নীতিনির্ধারণী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন। 

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে এই উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘ই-হেলথ কার্ড চালু হলে একজন রোগী গ্রাম বা শহর—যেখানেই চিকিৎসা নিন না কেন, চিকিৎসক কার্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তার পূর্বের সকল স্বাস্থ্যগত তথ্য পেয়ে যাবেন। এতে রোগ নির্ণয় সহজ হবে এবং সঠিক চিকিৎসা প্রদান করা অনেক বেশি কার্যকর হবে।’ 

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ হিসেবে এই কার্ড বাস্তবায়নের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। এটি মূলত স্বাস্থ্যখাতের একটি মৌলিক পরিচয় কাঠামো হিসেবে কাজ করবে, যা দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে তথ্য বিনিময়ে এক নিরাপদ সেতুবন্ধ তৈরি করবে।

সরকার জনগণের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে তিনটি বিশেষ কার্ডের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। 

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ এরই মধ্যে চালু হয়েছে। বাকি দুটির মধ্যে ‘ই-হেলথ কার্ড’ এবং ‘ফারমারস কার্ড’ বা কৃষক কার্ডের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। 

দুই দিনব্যাপী এই কর্মশালায় হেলথ আইডি, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) এবং শেয়ারেবল হেলথ রেকর্ড (এসএইচআর) বাস্তবায়নের প্রযুক্তিগত ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, একটি ডিজিটাল হেলথ ইকোসিস্টেম কার্যকর হলে সরকার অত্যন্ত সহজেই তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে। এতে করে সরকারি ও বেসরকারি—উভয় ক্ষেত্রেই চিকিৎসা সেবার মান বহুগুণ বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

অধিবেশনের সভাপতি স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপাত্তের বা ডাটার গোপনীয়তা সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, কার্ডের মাধ্যমে রোগীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে