বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:০৫:২৯

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

বিকালে পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা জানান।

বৈঠক শেষে মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এই কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ শুরু হবে। ফুয়েল লোডিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী জুন-জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

মন্ত্রী আরও জানান, পরীক্ষামূলক উৎপাদনের শুরু থেকেই এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে পূর্ণ সক্ষমতায় অর্থাৎ প্রথম ইউনিটের পুরো ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিডে নিয়মিত সরবরাহ করা যাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, পরীক্ষামূলক চালুর সময় কেন্দ্রটি সরাসরি পূর্ণ সক্ষমতায় চালানো হয় না। ফলে জুন-জুলাই মাসে উৎপাদন শুরুর পর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বিদ্যুতের পরিমাণ বাড়ানো হবে।

ডিসেম্বরে ১২০০ মেগাওয়াটে পৌঁছানোর আগে বিভিন্ন পরিমাণে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে