শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ০৭:৪০:১৯

প্রকাশ করা হলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস

প্রকাশ করা হলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সম্প্রতি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদের নিয়োগ পরীক্ষার বিস্তারিত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মানসম্মত করতে এই সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

প্রকাশিত সিলেবাস অনুযায়ী, নিয়োগ পরীক্ষা মোট ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে ১০ নম্বর করে মোট ৩০ নম্বর বরাদ্দ রয়েছে। এ ছাড়া মানসিক দক্ষতা ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ নম্বর, আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদফতরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১৩ হাজার ৫৯৯। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি।

কারিগরি শিক্ষা অধিদফতরের আওতায় শূন্য পদ ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। তিন অধিদফতরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।
 
সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে