এমটিনিউজ২৪ ডেস্ক : জনতা ব্যাংক পিএলসি. ও এসএসএলের মধ্যে বিলার পেমেন্ট সার্ভিস চালু বিষয়ে চুক্তি সই হয়েছে।
এর মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক পিএলসি শীর্ষস্থানীয় ফিনটেক সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস-এর সঙ্গে অংশীদারিত্বে বিলার পেমেন্ট সার্ভিস চালু করেছে। এই সেবা জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং ই-জনতা মোবাইল অ্যাসের মাধ্যমে পাওয়া যাবে, যা গ্রাহকদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও সুবিধাজনক ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করবে।
উল্লেখ্য, এ সেবার মাধ্যমে জনতা ব্যাংকের গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোন ব্যবহার করে মোবাইল টপ-আপ, শিক্ষা ফি, আইএসপি বিল, বিদ্যুৎ বিল (আরইবি প্রিপেইড ও পিডিবি প্রিপেইড), বাস টিকিট ক্রয় এবং বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এটি দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ যৌথ উদ্যোগ বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গঠনের যাত্রাকে আরও শক্তিশালী করবে, যেখানে জনতা ব্যাংকের গ্রাহকরা পাবেন আর্থিক লেনদেনে অধিক সহজতা, নমনীয়তা ও নিরাপত্তা।