সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ০২:৫৮:১২

ঈদের পর যে সুখবর আসছে এমপিও শিক্ষকদের জন্য

ঈদের পর যে সুখবর আসছে এমপিও শিক্ষকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তৈরি করা সফটওয়্যারের ডেমো দেখেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি এ সফটওয়্যার দেখে ঈদুল ফিতরের পর শিক্ষকদের বদলির জন্য মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে নির্দেশনা দিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বদলির জন্য তৈরি করা সফটওয়্যারের ডেমো প্রদর্শন নিয়ে আয়োজিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। ঈদের পর মাউশি মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এরপর শিক্ষক-কর্মচারীদের বদলির কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, সভায় প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলির আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এজন্য বদলির মডিউলে বিষয়গুলো যুক্ত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের পর বিষয়টি সংশোধন করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে