এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে অনেকটাই কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বাজুস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে বলে বাজুস সূত্র নিশ্চিত করেছে।
নতুন নির্ধারিত মূল্য তালিকায় দেখা যায়, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এর আগে সর্বশেষ গত ১৪ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত ৪৪ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো, যার মধ্যে ১৮ বার দাম কমানো হয়েছে এবং ২৬ বার বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২৯২ টাকা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন ৬ হাজার ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ২৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১১ বার দাম কমানো সম্ভব হয়েছে।
ঈদের কেনাকাটার এই শেষ সময়ে স্বণ ও রুপার দাম কমানোয় সাধারণ ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।