বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:১৮:১৮

এবার গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভাতিজা

এবার গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভাতিজা

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকার চাঞ্চল্যকর রাফি হত্যার মামলার অন্যতম আসামি মিজানুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে পিবিআই। ক্যাশিয়ার শাহীন নামে তিনি পরিচিত।

বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জার্মান যাওয়ার চেষ্টা করছিলেন।

মিজানুর রহমান (শাহিন) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা ও শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে।

দুপুরে ঢাকার আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআই'র পরিদর্শক মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, ২০২৫ সালের ২০ মে রাফিকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনার এজাহার নামীয় শহিদ, টিটু, হুকুম আলী, আলামিন গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন। বাতেন নামের এক আসামি পলাতক রয়েছেন। এদের মধ্যে আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তিতে জানা যায়, আসামি মিজানুর রহমান (শাহিন)-এর মুঠোফোনের নির্দেশনায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।

পিবিআই'র পরিদর্শক মো. জামাল উদ্দিন তথ্য নিশ্চিত করে জানান, আসামি শাহিন দীর্ঘ ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। বুধবার ভোরে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মান যাওয়ার চেষ্টা করছিলেন। আদালত আসামিকে জিজ্ঞাসাবাদে ১ দিনের সময় দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে