রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৩৩:২৫

তবে কী ৩০ জুলাই এসএসসির প্রকাশ? যা জানাল শিক্ষা বোর্ড

তবে কী ৩০ জুলাই এসএসসির প্রকাশ? যা জানাল শিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের জন্য অধীর অপেক্ষায় দিন গুনছে দেশের সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় সন্তানদের ফলাফল নিয়ে অভিভাবকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। তবে এই অপেক্ষার প্রহর খুব বেশি দীর্ঘ হচ্ছে না–চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশিত হতে পারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল সম্পূর্ণ প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ফলাফল প্রস্তুতের পর সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট দিনে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করে ফেলব। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ২৮ জুলাইয়ের মধ্যে বোর্ডগুলো ফল তৈরিতে সফল হলে চলতি মাসেই ফল দেয়া সম্ভব। সে ক্ষেত্রে ৩০ জুলাই বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষায় বসে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও এ বছর নির্ধারিত সময় পার হয়ে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে