এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি।
শনিবার (১১ এপ্রিল) দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিঁথি।
এ বিষয়ে সিঁথি বলেন, আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।
২০২৪ সালের আগস্টে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন ফারজানা সিঁথি।
জানা যায়, ফারজানা সিঁথির স্থায়ী নিবাস যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।