এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলা নববর্ষের উৎসবের আগেই সুখবর পাচ্ছেন দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
তাদের বৈশাখী ভাতার বিল অনুমোদিত হয়েছে এবং রোববার (১২ এপ্রিল) থেকে এই অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হতে পারে।
শনিবার (১১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার বিল এরইমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ‘আইবাস++’ সিস্টেমে জমা দেয়া হয়েছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এরপর বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট বণ্টনকারী ব্যাংকগুলোর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে।
ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল বিকেলের মধ্যেই অনেক শিক্ষক-কর্মচারী তাদের মোবাইলে ভাতার মেসেজ পেতে শুরু করবেন। কোনো কারণে কাল বিলম্ব হলে সোমবার থেকে অবশ্যই টাকা পাওয়া যাবে।’
জানা গেছে, এবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য ১২৯ কোটি ২৬ লাখ এবং কলেজের জন্য ৫২ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত করতে ডিজিটাল বিল দাখিল পদ্ধতি চালু করেছে সরকার। এর ফলে প্রতি মাসেই কেন্দ্রীয়ভাবে যাচাই-বাছাই শেষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেয়া হচ্ছে। এবারের বৈশাখী ভাতাও একই প্রক্রিয়ায় দ্রুততম সময়ে শিক্ষকদের হাতে পৌঁছাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।