সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৪৪:২৩

নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। তালিকায় অনেক তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা স্থান পেয়েছেন; তবে বাদ পড়েছেন অনেকেই। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন ফরম বিক্রির সময় থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপাসহ অনেকেই। কনকচাঁপা জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পান নি। ভেবেছিলেন হয়তো সংরক্ষিত নারী আসনে হলেও দেশের জন্য কাজের সুযোগ পাবেন। তবে তাও না পেয়ে সোমবার (২০ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। 

তার পোস্টটি এমটিনিউজ২৪রের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন,

জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও মনোনয়ন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।

গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের জন্য। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।

আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।

ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে,দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই।

আমার জন্য দোয়া করবেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে