এমটিনিউজ২৪ ডেস্ক : বহুল আলোচিত কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।
বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তোলা হয়।
পিবিআই জানায়, গত ৬ এপ্রিল কুমিল্লার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলামকে তলব করা হয়। এ সময় আদালত তনুর হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা লিখিতভাবে তা আদালতে পেশ করেন। পাশাপাশি তদন্তের স্বার্থে তনুর জামায় পাওয়া তিনজনের ডিএনএ ম্যাচ করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত সেই আবেদন গ্রহণ করে ডিএনএ ম্যাচ করার অনুমতি দেন। তিনজনই সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।
বুধবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সকালে গ্রেপ্তারের পর দুপুরের পর কুমিল্লার আদালতে তোলা হয় হাফিজুর রহমানকে। আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।