শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১২:২৩:৪০

হঠাৎ ধস, একি খবর ইলিশ নিয়ে

হঠাৎ ধস, একি খবর ইলিশ নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : একি খবর ইলিশ নিয়ে, দেশে এক দশক ধরে ধারাবাহিকভাবে ইলিশ আহরণ বাড়ার পর হঠাৎ ধস নেমেছে। গত দুই বছরে দেশে ইলিশ উৎপাদন কমেছে প্রায় ৭১ হাজার টন। সেই সঙ্গে দেশে ধরা পড়া ইলিশের আকার আগের চেয়ে আরও ছোট হয়েছে। 

মৎস্যবিজ্ঞানীরা বলছেন, ইলিশের আকার ছোট হওয়ার পেছনে কোনো বাস্তুতান্ত্রিক পরিবর্তনের সরাসরি প্রভাব তাঁরা দেখছেন না। তাঁদের মতে, নিয়ন্ত্রণহীন ইলিশ আহরণ এবং নদীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়াই সমস্যার মূল কারণ।

বিশেষজ্ঞদের ভাষ্য, পদ্মা-মেঘনা অববাহিকায় ইলিশ ডিম ছাড়ার পর মার্চ-এপ্রিলে জাটকা ঝাঁকে ঝাঁকে সাগরের দিকে যেতে থাকে। এ সময় নদ-নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে এবং উপকূলীয় সাগরে আর্টিসানাল ট্রলারের (যেগুলো ৪০ মিটারের কম গভীরতায় মাছ ধরে) মাধ্যমে ব্যাপক হারে জাটকা নিধন করা হয়। এতে ইলিশ পূর্ণ আকারে বেড়ে ওঠার সুযোগ পায় না। পাশাপাশি দখল–দূষণের ফলে নদীর বাস্তুতন্ত্র নষ্ট এবং নাব্যতা সংকটের কারণেও ইলিশ ঠিকমতো বড় হচ্ছে না।

এ পরিস্থিতি নিয়ে জেলে, ব্যবসায়ী ও মৎস্যবিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে উদ্বেগ জানিয়ে আসছেন। তাঁদের মতে, এখনই কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা না নেওয়া হলে ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে