রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:০৮:৪৭

মারা গেছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন

মারা গেছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন

এমটিনিউজ২৪ ডেস্ক : মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোহরের পর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোড কবিরাজ জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

গোলাম সারোয়ার মিলন ১৯৮১-৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে, ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠনে জাতীয় ছাত্রদলে যুক্ত ছিলেন তিনি।

১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছিলেন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেনের পর ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরবর্তীতে আবারও জাতীয় পার্টিতে যোগদান করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে কুলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে