রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:১২:১৮

এবার যা জানানো হলো প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে

এবার যা জানানো হলো প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এ কথা জানান।

 এ সময় আন্দোলনকারীদের চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
 
এর আগে সকাল থেকে নিয়োগ ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পূর্বঘোষিত কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের একাংশ।

আন্দোলনকারীদের একজন ও সুপারিশপ্রাপ্ত প্রার্থী মোহাম্মদ ইউনুস বলেন, ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেছে কিন্তু এখনও নিয়োগ বা পদায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় অনিশ্চয়তার মধ্যে রয়েছি আমরা।
 
চলতি বছর ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল প্রকাশ করা হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মূলত শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। কিন্তু ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষা পেছানো হয়।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে