মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ০৮:২৩:৫০

মোটরসাইকেলের ওপর কর, কত সিসিতে কত টাকা করার প্রস্তাব

মোটরসাইকেলের ওপর কর, কত সিসিতে কত টাকা করার প্রস্তাব

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশে চলাচলকারী মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই করের আওতার বাইরে রাখার প্রস্তাব রয়েছে।

সূত্র জানায়, ১১১ সিসি থেকে ১২৫ সিসি পর্যন্ত ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত বছরে ৫ হাজার টাকা, ১৬৫ সিসির বেশি বছরে ১০ হাজার টাকা কর দেয়ার প্রস্তাব করা হয়েছে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই অগ্রিম আয়করের আওতার বাইরে রাখা হতে পারে। অর্থাৎ, যারা ছোট ইঞ্জিন বা কম ক্ষমতার বাইক ব্যবহার করেন, তাদের অতিরিক্ত কোনো কর দিতে হবে না।

 বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০টি। তবে সংস্থাটির কাছে সিসিভিত্তিক নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। নতুন এই কর কাঠামো কার্যকর হলে রাজস্ব আদায়ে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছে এনবিআর।

 বর্তমানে মোটরসাইকেল মালিকদের আলাদাভাবে কোনো অগ্রিম আয়কর দিতে হয় না। শুধু এককালীন নিবন্ধন ফি ও ২ বছর পরপর রোড ট্যাক্স দিতে হয়। ৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের সর্বমোট রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা। পরবর্তী ২ বছর পরপর প্রতি কিস্তি এক হাজার ১৫০ টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট চার হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। 
 
১২৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা। পরবর্তী ২ বছর পরপর প্রতি কিস্তি ২,৩০০ টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৯ হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।
 
নতুন প্রস্তাব অনুযায়ী, এই নিয়মিত খরচের সঙ্গে যুক্ত হবে বাৎসরিক অগ্রিম আয়কর। তবে স্বস্তির বিষয় হলো, আয়কর আইন অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা তাদের আয়কর রিটার্নের সঙ্গে এই অগ্রিম কর সমন্বয় করার সুযোগ পাবেন।
 
এনবিআরের এই প্রস্তাবনাগুলো এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসন্ন বাজেট ঘোষণার সময় এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে