রবিবার, ১৭ মে, ২০২৬, ০৯:২২:২৭

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী জুনে পেশ হতে যাওয়া নতুন অর্থবছরের বাজেটেই ঘোষণা আসতে পারে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর (পে-স্কেল)।

তবে একসঙ্গে নয়, সরকারের আর্থিক চাপ সামলাতে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে কয়েক ধাপে। অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ৭ জুন রোববার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতার সময়ই অর্থমন্ত্রী নতুন পে-স্কেলের ঘোষণা ও এর বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন স্কেল বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি সম্ভাব্য বরাদ্দ রাখার বিষয়ে কাজ চলছে। তবে বিশাল এই ব্যয়ের চাপ যাতে অর্থনীতিতে একবারে না পড়ে, সে জন্য কৌশল পরিবর্তন করছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, শুরুতে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন আংশিক বাড়ানো হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও আনুষঙ্গিক সুবিধাগুলো সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন পে-স্কেলের শতভাগ সুবিধা নিশ্চিত করা।

নতুন এই বেতন কাঠামো আলোর মুখ দেখলে দেশের প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ পেনশনার বা অবসরভোগী সরাসরি আর্থিক সুরক্ষার আওতায় আসবেন। ২০১৫ সালে সবশেষ পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে এই নতুন বেতন কাঠামোর দিকেই এখন তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে