এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ দুজনের সংশ্লিষ্ট আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তের জন্য এসব নথি জব্দের আবেদন জানায় সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন।
মামলার এজাহার অনুযায়ী, ১ নম্বর আসামি প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, ২ নম্বর আসামি মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই অপরাধে সহায়তা করেছেন বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়। মামলার তদন্তের স্বার্থে কর অঞ্চল-২২ এর সার্কেল-৪৬৫ (কোম্পানি)-এ থাকা নির্দিষ্ট করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের আদেশ চাওয়া হয় দুদকের আবেদনে। এতে আরও বলা হয়, আদালতের অনুমতি সাপেক্ষে দুদক সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।