এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী অর্থবছরের শুরুতে ১ জুলাই থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে। পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরের শুরুতে অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হবে। কীভাবে উত্তম উপায়ে তা করা যায়, সে বিষয়ে কাজ চলছে।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ জন্য আগামী বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে বলে জানা গেছে। তবে বেতন কমিশনের সব সুপারিশ এখনই বাস্তবায়ন হচ্ছে না।
জানা গেছে, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হার শতভাগেরও বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পান, এমন পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি হতে পারে ১০০ শতাংশের মতো।
মাসে ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশন ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর ৪০ হাজার টাকার বেশি হলে বাড়তে পারে ৫৫ শতাংশ পর্যন্ত।
৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে ১০ হাজার টাকা। ৫৫ থেকে ৭৪ বয়সীরা পেতে পারেন ৮ হাজার টাকা।
৫৫ বছরের কম বয়সীদের ৫ হাজার টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। বেশি বেতনের সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া তুলনামূলক কম হারে বৃদ্ধির কলা বলেছেন সংশ্লিষ্টরা।