শনিবার, ২৩ মে, ২০২৬, ০৩:১০:৩৬

যশোরে ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু, কাভার্ড ভ্যানে আগুন

যশোরে ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু, কাভার্ড ভ্যানে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া এলাকায় কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাউলিয়া এলাকার পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঘুনি পূর্বপাড়ার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়ার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের আনোর আলী (৭০)। আহতরা হলেন— সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেন (২৮)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছলে একটি ইজিবাইকসহ অপর একটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোর আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে দেয়। তাদের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ইজিবাইক উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে