বুধবার, ২৭ মে, ২০২৬, ০৬:০২:১০

সরকারের এবার যে বিশেষ উদ্যোগ কোরবানির চামড়া নিয়ে

সরকারের এবার যে বিশেষ উদ্যোগ কোরবানির চামড়া নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চামড়া নষ্ট হওয়া ঠেকাতে এবার বাণিজ্য মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

সম্প্রতি এক বার্তায় বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কোরবানির চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ কিংবা প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে এই কন্ট্রোল রুম থেকে। এ জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে, যা ঈদের পুরো সময়জুড়ে সক্রিয় থাকবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির চামড়া যেন অব্যবস্থাপনা বা অসচেতনতার কারণে নষ্ট না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ, যা চামড়া শিল্প ও রপ্তানি খাতে বড় ভূমিকা রাখে।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, কোরবানির ঈদে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের অর্থনৈতিক সহায়তায় কোরবানির চামড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার প্রবণতা রোধে এবার আগে থেকেই নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পাশাপাশি চামড়া যথাযথভাবে সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে