বুধবার, ০৩ জুন, ২০২৬, ১০:২৪:৪৪

দুই শিশু প্রাণে বাঁচলেও নিহত এক পরিবারের চারজন

দুই শিশু প্রাণে বাঁচলেও নিহত এক পরিবারের চারজন

এমটিনিউজ২৪ ডেস্ক : পরিবারের অভাব ঘুচাতে ১১ বছর আগে মালয়েশিয়ায় যান যশোরের ঝিকরগাছার আরিফ ইসলাম। দেশে ফিরে করবেন বিয়ে-এমন পরিকল্পনা নিয়ে তিন মাসের ছুটিতে বাড়ি ফিরেছিলেন তিনি। 

সোমবার তাকে ঢাকায় বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু বাড়িতে ফেরার পথে মঙ্গলবার ভোরে ঘটে দুর্ঘটনা। এতে আরিফ, তার মা-বোন-ভাইসহ এক পরিবারের চারজন এবং তাদের প্রাইভেট কারচালক নিহত হন। তবে গাড়িতে থাকা দুটি শিশু প্রাণে বেঁচে যায়। এছাড়া তিন স্থানে আরও সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামে বাবা-ছেলেসহ তিন, নাটোরে নারী শ্রমিক এবং বগুড়ায় যুবদল নেতাসহ তিনজন রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ভাঙ্গা (ফরিদপুর) ও যশোর : ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের আগে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম, মেয়ে আয়শা খাতুন, মালয়েশিয়া প্রবাসী ছেলে মো. আরিফ ইসলাম এবং প্রাইভেট কারচালক যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের জাহিদ হোসেন। গুরুতর আহত হন শহিদুলের ছোট ছেলে রাকিবুল ইসলাম, আয়শা খাতুনের শিশু ছেলে আশরাফুল হুসাইন ও মেয়ে তাসফিয়া খাতুন। তাদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকালে রাকিবুলের মৃত্যু হয়। সরেজমিন দেখা যায়, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোশালনগর-বালিয়াডাঙ্গা গ্রামের মাঠপাড়ায় শহিদুল ইসলামের বাড়িতে শত শত মানুষের ভিড়। এই বাড়িতে ঈদের পর নতুন করে ঈদ আনন্দ হওয়ার কথা ছিল। অথচ পরিবারের সবাইকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন শহিদুল। কখনো হাউমাউ করে কান্না করছেন আবার কখনো নিশ্চুপ হয়ে মানুষের মুখের দিকে তাকাচ্ছেন।

নিহতের চাচা মিঠু হোসেন ও জাহাঙ্গীর হোসেন জানান, তাদের ভাইপো আরিফ প্রায় ১১ বছর ১৭ দিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে। সেকারণে তাকে বিমানবন্দরে রিসিভ করতে ভাবি, ভাইপো, ভাইঝি ও তার দুই সন্তান সোমবার রাতে প্রাইভেট কারে ঢাকায় যান। তাকে বিমানবন্দর থেকে নিয়ে রাতেই প্রাইভেট কারে তারা বাড়ির দিকে ফিরছিলেন। জাহাঙ্গীর হোসেন বলেন, ভোর সাড়ে ৩টার দিকে চালকের ফোন নম্বার থেকে একজন সবজি ব্যবসায়ী পরিচয়ে প্রথমে আমাকে জানান দুর্ঘটনার কথা। তিনি বলেন, আজ (মঙ্গলবার) বাড়িতে ফিরে কাল (আজ) বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল আরিফের।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ আবু জাফর বলেন, ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, একটি প্রাইভেট কার অপর একটি গ্যাসভর্তি ট্রাকের পেছনে ঢুকে আছে। আমরা ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করেছি। হাসপাতালে রাকিব নামের আরও একজন মারা যায়। এদিকে অভয়নগর প্রতিনিধি জানান, অভয়নগরে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক শাহাজান মজুমদার নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে ভবদহ-টেকা সড়কের পালবাড়ি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধ শাহাজান মজুমদার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ি মোড় এলাকার মৃত মোকসেদ মজুমদারের ছেলে।

চট্টগ্রাম ও সীতাকুণ্ড : চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক এবং তার বাবা দুর্গাপদ মল্লিক। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে। অপরদিকে সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ শফিউল আলম প্রকাশ শিশু মিয়া নিহত হয়েছেন। শফিউল আলম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং মনিরুজ্জামানের ছেলে। মঙ্গলবার বিকালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

বগুড়া : দুপচাঁচিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবদল নেতা পলাশ হোসেন নিহত হয়েছেন। এ সময় জিল্লুর রহমান নামে আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেট এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পলাশ নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামে বাবু মন্ডলের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি সোমবার সন্ধ্যার দিকে বদলগাছী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে দুপচাঁচিয়া থেকে জয়পুরহাটের আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন।

এদিকে কাহালুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম হোসেন নামের রেফ্রিজারেটর মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় আরেফিন জুটমিলের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তামিম হোসেন বগুড়া সদরের এরুলিয়া উত্তরপাড়ার খোকন হোসেনের ছেলে। অপরদিকে ধুনটে মোটরসাইকেলে গাঁজা পাচারের সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে শাকিল আহমেদ নামের মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গী আশিক রহমান (২০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার উল্লাপাড়া এলাকায় শেরপুর-ধুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় নারী শ্রমিক লাজেলা খাতুনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। লাজেলা খাতুন গড়মাটি গ্রামের মৃত আলী হোসেনের মেয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে