বুধবার, ১০ জুন, ২০২৬, ০৮:৫৯:১০

জন্মের ২৭ বছর পর বাবা ডাকার স্বীকৃতি পেলেন ছেলে

জন্মের ২৭ বছর পর বাবা ডাকার স্বীকৃতি পেলেন ছেলে

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্মের ২৭ বছর পর বাবার স্বীকৃতি পেয়েছেন এক যুবক। ডিএনএ পরীক্ষায় সত্যতা প্রমাণিত হওয়ায় মঙ্গলবার চট্টগ্রাম লিগ্যাল এইড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বাবার স্বীকৃতি পান।

এ উপলক্ষে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ের জেলা লিগ্যাল এইড অফিসার সুব্রত দাশের সভাপতিত্বে একটি মধ্যস্থতা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাবা তার ছেলেকে প্রথমবার বুকে জড়িয়ে নিলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিস সূত্র জানায়, স্বীকৃতি পাওয়া ছেলেটির জন্মের আগেই তার মা-বাবার বিচ্ছেদ হয় এবং তার বাবা বিদেশে চলে যান। এরপর মা তার শিশুসন্তানকে নিয়ে তার ভাইয়ের বাড়িতে উঠেন। সেখানে শিশুটি তার মামার বাড়িতে বসবাস করতে থাকেন। বড় হওয়ার পর তিনি জানতে পারেন, তার বাবা দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেছেন। নিজের পরিচয় জানার জন্য এবং বাবার স্বীকৃতি পাওয়ার আশায় তিনি বাবার মুখোমুখি হন।

তবে বাবা শুরুতে তাকে সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। পরে ২০২৪ সালের জুন মাসে তিনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) চট্টগ্রাম কার্যালয়ে আবেদন করেন। আদালতের নির্দেশে মা, বাবা ও ছেলের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায়, তরুণের দাবিই সঠিক। এরপর সংশ্লিষ্ট হাসপাতাল ডিএনএ প্রতিবেদন লিগ্যাল এইড কার্যালয়ে পাঠায়।

সূত্র আরও জানায়, প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার বাবা আনুষ্ঠানিকভাবে তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে সম্পত্তিতে উত্তরাধিকার দেওয়ার প্রতিশ্রুতি, বসবাসের জন্য দুই লাখ টাকা এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন।

স্বীকৃতি পাওয়ার পর আনন্দ প্রকাশ করে ছেলেটি বলেন, এতদিন তিনি বাবার পরিচয় দিতে পারতেন না। মানুষ তাকে নিয়ে নানা কথা বলত। এখন বাবা তাকে সন্তান হিসেবে মেনে নেওয়ায় সেই কষ্টের অবসান হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিসার সুব্রত দাশ জানান, জন্মের ২৭ বছর পর একজন সন্তান তার বাবাকে ‘বাবা’ বলে ডাকতে পেরেছেন এবং বাবাও দীর্ঘসময় পর তার জন্ম দেওয়া সন্তানকে স্বীকৃতি দিয়ে প্রথমবার বুকে জড়িয়ে ধরেছেন। এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। দীর্ঘদিনের বিরোধে মীমাংসায় দুজন এগিয়ে আসায় লিগ্যাল এইডের পক্ষ থেকে তাদের দুজনকে উপহার দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে