সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:২৮:২৭

অত্যাধুনিক ফেস রিকগনিশন প্রযুক্তিই বেনজীর আহমেদকে শনাক্ত করে

অত্যাধুনিক ফেস রিকগনিশন প্রযুক্তিই বেনজীর আহমেদকে শনাক্ত করে

এমটিনিউজ২৪ ডেস্ক : দুবাই থেকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দীর্ঘদিনের পলাতক জীবন এবং দেশ ছাড়ার ঘটনা। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শেষ পর্যন্ত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি প্রযুক্তির কাছেই ধরা পড়তে হয়েছে এক সময়ের প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তাকে।

আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক ফেস রিকগনিশন প্রযুক্তিই বেনজীর আহমেদকে শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে যাত্রার সময় দুবাইয়ের ট্রানজিট এলাকায় নামলে বিমানবন্দরের এআইচালিত ক্যামেরা তার মুখমণ্ডল স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে।

পরে ওই তথ্য আন্তর্জাতিক অপরাধী ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হলে সতর্কতা সংকেত জারি হয়। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় ইউনিট বিষয়টি যাচাই করে এবং প্রাথমিক নিশ্চিতকরণের পর তাকে হেফাজতে নেয়। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিগত শনাক্তকরণের পর প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

সূত্রগুলো বলছে, দুবাই বিমানবন্দরের নজরদারি ব্যবস্থায় থাকা এআইচালিত ক্যামেরা প্রতিনিয়ত যাত্রীদের মুখাবয়ব স্ক্যান করে আন্তর্জাতিক অপরাধী ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে। কয়েক সেকেন্ডের মধ্যেই সম্ভাব্য মিল শনাক্ত করার সক্ষমতা থাকায় এ ধরনের প্রযুক্তি এখন আন্তর্জাতিক অপরাধী শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে