বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৫৪:০০

২০ জুলাই প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফল

২০ জুলাই প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফল

এমটিনিউজ২৪ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 তিনি বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল।
 
দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
 
তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতে সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়।
 
সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন পরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যসূচি সম্পন্ন হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।

 শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধার্থে এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে