এমটিনিউজ২৪ ডেস্ক : বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা এখন অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সংগৃহীত ফি সরাসরি সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা তাদের নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই নতুন উদ্যোগের ফলে ভিসা ফি প্রেরণের প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা গ্রাহকদের কাছ থেকে যে ভিসা ও কনস্যুলার ফি সংগ্রহ করবেন, তা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট দেশের দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় অথবা তাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তবে বিদেশে এই অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের কর (ট্যাক্স) যথাযথভাবে পরিশোধ বা কর্তন করা হয়েছে কি না, তা ব্যাংকগুলোকে নিশ্চিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুবিধা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে দূতাবাস নির্ধারিত হারে ভিসা ফি সংগ্রহ, দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ এবং প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ।