বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ০৪:৪৩:২৫

ভালো নেই ‘রাজু বাহাদুর’, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ দল

ভালো নেই ‘রাজু বাহাদুর’, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ দল

এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া হাতি ‘রাজু বাহাদুর’ অন্য হাতির আক্রমণে আহত হয়ে গাজীপুর সাফারি পার্কে চিকিৎসাধীন। হাতিটির চিকিৎসা চলছে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শে।

বুধবার (৮ জুলাই) রাত ১১ টার দিকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, হাতিটি আগের তুলনায় কম খাবার খাচ্ছে। প্রাণীটিকে সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখনো এটি দাঁড়াতে পারছে না।

গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, হাতিটির একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়েও আঘাত আছে। বর্তমানে সে দাঁড়াতে পারছে না। থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ দল ও দেশের কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সাফারি পার্কের হাতিশালায় তার চিকিৎসা চলছে। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। হাতিটির বর্তমান শারীরিক অবস্থা ভালো নয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে ‘রাজু বাহাদুর’ নামের হাতিটিকে উদ্ধার করে। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাতিটি রাস্তায় ও বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কের হাতিশালায় নেয়। হাতিটির বয়স এখন ১০ বছরের বেশি।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় হাতিটির ওপর সাফারি পার্কের অন্য একটি হাতি আক্রমণ করে। আক্রমণের ধাক্কায় সে মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালুর ওপর রাখা হয়।

চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, অন্য হাতির আক্রমণে পড়ে যাওয়ার কারণে ‘রাজু বাহাদুর’-এর পা ভেঙে যায়। এক্স-রে করে বিষয়টি নিশ্চিত হয়েছেন চিকিৎসকেরা। আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক দল আনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে