এমটিনিউজ২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা করার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ছড়িয়েছে, তাতে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন, ইরাকে একজন এবং বাহরাইন একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত ১২ জন মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে একজনের লাশ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে। ৯ জনের লাশ দেশে আনা হয়েছে এবং তাদের পরিবারকে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে নিহত হওয়ায় বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জনকে ফেরত আনা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধপরিস্থিতিতে বিভিন্ন দেশ হতে প্রবাসী কর্মী বিভিন্ন সময়ে ফেরত আনা হয়।