এমটিনিউজ২৪ ডেস্ক : বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে নীলফামারীর সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ৪০ জন বৃত্তি পেয়েছে।
এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে। নীলফামারী জেলায় এককভাবে সর্বোচ্চসংখ্যক বৃত্তি পেয়েছে প্রতিষ্ঠানটি। গত রোববার ঘোষিত বৃত্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৩ জুলাই) বৃত্তি পাওয়ার এ তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মমিনুর রহমান খান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই স্কুল থেকে মোট ৫৭ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উল্লেখিত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। একই বিদ্যালয় থেকে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার খবরে বিদ্যালয় প্রাঙ্গণে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের বন্যা বইছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে বিদ্যালয়ে মিষ্টি বিতরণের হিড়িক পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, শিক্ষকদের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান তদারকি এবং অভিভাবকদের সচেতনতার কারণে এই গৌরব অর্জিত হয়েছে। সবার চেষ্টায় একসঙ্গে ৪০ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার রেকর্ড গড়তে পেরেছে। আমরা এই সাফল্যের ধারা ভবিষ্যতে বজায় রাখার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।