এমটিনিউজ২৪ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।
তিনি বলেন, আগের নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। তবে নতুন নিয়োগ বিধিমালায় এ হার বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে।
ড. মিলন বলেন, নতুন নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও হাইকোর্টে বিচারাধীন মামলার কারণে পদোন্নতির কার্যক্রম স্থগিত ছিল। এখন মামলার নিষ্পত্তি হওয়ায় নতুন বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।