এমটিনিউজ২৪ ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাটে দীর্ঘ প্রায় ৩০ বছর পর দখলমুক্ত করা একটি রাস্তা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিন্নাত নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নে ডাংঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত (৪৩) একই গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উমরমজিদ মৌজার ডাংঘাট গ্রামের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়। দীর্ঘ তিন দশক ধরে রাস্তাটি ব্যবহার না হওয়ায় বিভিন্ন ব্যক্তি দখলে নিয়ে চাষাবাদ ও অন্যান্য কাজে ব্যবহার করছিলেন। ফলে সরকারি রাস্তার অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায় এবং স্থানীয়দের চলাচলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়।
প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত করার পর রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও এর দখল ও ব্যবহারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন জিন্নাত। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলেন, সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।