বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ০৮:৫৩:১০

যেসব এলাকায় জুলাই মাসের ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধ রাখার উদ্যোগ

যেসব এলাকায় জুলাই মাসের ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধ রাখার উদ্যোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : বন্যাকবলিত মানুষের আর্থিক চাপ কমাতে চলতি জুলাই মাসের ক্ষুদ্রঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে অনেক মানুষের আয়-রোজগার কমে গেছে। এ পরিস্থিতিতে ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে যাতে তারা অতিরিক্ত আর্থিক চাপে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর সঙ্গে আলোচনা করে জুলাই মাসের ক্ষুদ্রঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, আগামী আগস্টে শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় খাদ্য সহায়ক কর্মসূচি আগামী সপ্তাহ থেকেই শুরু করা হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যপণ্য কিনতে পারবেন।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর সরকারের উদ্যোগে মেরামত করে দেওয়া হবে এবং কৃষি ফসল ও মাছের ঘেরের ক্ষতিগ্রস্তদের প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, জেলা প্রশাসক আনোয়ার সাদাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে