শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ০৮:৪৪:৩২

৩৬ দিন ধরে সাগরে ভেসে ছিলেন দুই জন, খেয়েছেন কাঁচা মাছ

৩৬ দিন ধরে সাগরে ভেসে ছিলেন দুই জন, খেয়েছেন কাঁচা মাছ

কক্সবাজারের মহেশখালী উপজেলার একদল জেলে বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছেন। উদ্ধারকারীদের দাবি, টানা ৩৬ দিন সাগরে ভেসে থাকার সময় তারা কেবল কাঁচা মাছ খেয়েই বেঁচে ছিলেন।

উদ্ধারকারী জেলেদের ভাষ্য অনুযায়ী, বুধবার বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি একটি ফাইবার ট্রলারে ভাসমান অবস্থায় ওই দুই ব্যক্তিকে দেখতে পান তারা। পরে তাদের নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা মহেশখালী পৌঁছান।

উদ্ধার হওয়া দুইজন হলেন- এস.এইচ. চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। তাদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হসপিটাল রোডের ৭ নম্বর বাড়িতে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া মাঝি জিয়াউর রহমান বলেন, ওই দুই ব্যক্তি নিজেদের শ্রীলঙ্কার নাগরিক বলে পরিচয় দিয়েছেন। তাদের দাবি, তারা বাবা ও ছেলে। অনেকদিন আগে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে সমুদ্রে ভেসে যান। এরপর ৩৬ দিন ধরে তারা সাগরে ভেসে ছিলেন।

জিয়াউর রহমান বলেন, উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, ভেসে থাকার পুরো সময় তারা একটি বড় মাছ ধরে সেটি কাঁচা খেয়েই বেঁচে ছিলেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের মধ্যেও এভাবেই তারা প্রাণ রক্ষা করেন বলে তারা জানিয়েছেন।

উদ্ধারকারী জেলেরা আরও জানান, দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

তবে ঘটনাটির বিভিন্ন দিক এখনও যাচাই করা হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুজনই শ্রীলঙ্কার নাগরিক। প্রাথমিকভাবে তারা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে। তবে তারা কীভাবে সমুদ্রে ভেসে পড়েছিলেন, সত্যিই ৩৬ দিন ধরে সাগরে ছিলেন কিনা এবং তাদের পরিচয়-সংক্রান্ত অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রীলঙ্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে