মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৫৪:২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ লোহা বোঝাই একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এতে গাড়ির ইঞ্জিন, যন্ত্রাংশ ও স্ক্র্যাপ লোহার একটি অংশ পুড়ে গেছে। সংশ্লিষ্টদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে একটি ড্রাম ট্রাক সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলে যাচ্ছিল। পথে সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ওপর উঠলে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

আবুল খায়ের স্টিল মিলের ইনচার্জ ও এইচআর (অ্যাডমিন) মো. ইমরুল কাদের ভূঁইয়া বলেন, বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে কারখানায় আসার পথে গাড়িতে আগুন লাগে। এতে অন্তত ২০ লাখ টাকার সম্পদহানি হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার বলেন, সন্ধ্যায় গাড়িটি ব্রিজের ওপর উঠলে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়নি।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আলম বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে