সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১০:৪৪:১১

কবে হবে ‎স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি

কবে হবে ‎স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি

এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সরকারের তরফ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত পায়নি নির্বাচন কমিশন (ইসি)। যার ফলে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে ভোটার তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি। এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। আর রোববার দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দেয়ার শেষ দিন পর্যন্ত বিএনপি-জামায়াতসহ ৩৮টি দল তাদের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে। তবে এনসিপিসহ আট দল ইসিকে অমান্য করেছে। আর ১৩ দল ইসির কাছে সময় চেয়েছে।

ইসি সূত্রে জানা যায়, ‎৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার কথা থাকলেও ছুটির দিন হওয়ায় রোববার (০২ আগস্ট) পর্যন্ত সময় বৃদ্ধি করে তারা।

 সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতসহ নিবন্ধিত ৫৯ দলের মধ্যে ৩৮টি দলই তাদের আয় ব্যয়ের হিসেব বুঝিয়ে দেয় ইসিকে। ‎আর বেঁধে দেয়া সময়ের মধ্যে আয় ব্যয়ের হিসেব মেলাতে না পারায় গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি দল সময় চেয়ে চিঠি দিয়েছে ইসিকে। তবে বিভিন্ন কৌশলে ইসির নিবন্ধন পেলেও জাতীয় নাগরিক পার্টি ও আমজনতার দলসহ আটটি দল তোয়াক্কায় করেনি নির্বাচন কমিশনের এমন বিধানকে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, বিএনপি ও জামায়াতসহ নিবন্ধিত ৫৯ দলের মধ্যে ৩৮টি দলের তাদের আয় ব্যয়ের হিসেব বুঝে পেয়েছি। আর যারা করেননি তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটাই করা হবে। তাদের জানানো হবে যে, আপনারা দাখিল করেননি, আইনেই উদ্ধৃতি দিয়ে বলা হবে। যেটা বরখেলাপ হয়েছে সেটা তাদের জানিয়ে দেয়া হবে।        
 
এদিকে, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না  আসায় কিছুটা অনিশ্চয়তায় রয়েছে কমিশন। ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে ভোটার তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত ছিল বলে জানান সচিব আখতার আহমেদ।

 তিনি আরও বলেন, যে তারিখে সিডিউল হবে, সে অনুসারে ভোটার তালিকা প্রস্তুত থাকতে হয়। সেজন্য চিন্তা করা হয়েছিল এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুষ্পষ্ট আমাদের কাছে কোনো নির্দেশনা নেই, সেহেতু ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকা চূড়ান্ত করার যে দিন ঠিক করা হয়েছিল, এটার পরিবর্তন হতে পারে।        
 
‎নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ‎বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে