এমটিনিউজ২৪ ডেস্ক : সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তার হাতে থাকা মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের গুঞ্জন উঠেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে সচিবালয় ও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা চলছে। তবে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তিনি বর্তমান মন্ত্রিসভার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন একজনকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
অন্যদিকে, এতদিন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। এতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্রের দাবি, প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমে গতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতেই এ ধরনের দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মন্ত্রিসভায় কারা কোন দায়িত্ব পাচ্ছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।