এমটিনিউজ২৪ ডেস্ক : অবশেষে অবসর-কল্যাণের টাকা একসঙ্গে পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) থেকে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষকদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধ করা হচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ উপলক্ষে কাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ ৪ বছর ধরে জমে থাকা শিক্ষকদের পাহাড়সম বকেয়ার জট কাটাতে আমরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি তারই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকা শিক্ষকদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে যাচ্ছি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সিংহভাগ— প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ পরিচালিত হয় আমাদের এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যেসব শিক্ষক-কর্মচারী তাদের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু দিয়ে আমাদের সন্তানদের নতুন ভবিষ্যৎ গড়ে তোলেন, জীবনের শেষ প্রান্তে এসে তাদেরই চরম অবহেলা ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে।
মন্ত্রী আরো বলেন, ছাড় হতে যাওয়া ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকার মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য ১,৫৫০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৪৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে প্রথম পর্যায়েই ২০২২ সাল থেকে আটকে থাকা অবসর সুবিধা বোর্ডের ৭০,১১৯ জন (সত্তর হাজার একশত উনিশ) শিক্ষক-কর্মচারী সর্বোচ্চ চার লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
তিনি আরো বলেন, কল্যাণ ট্রাস্টের ৫৩,২০১টি আবেদনের বিপরীতে ৪৮৫ কোটি ৮৬ লক্ষ টাকা পাবেন। এবার কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের সুযোগ থাকবে না। ম্যানুয়াল ফাইলের নামে ফাইল আটকে রাখার সংস্কৃতি আমরা উপড়ে ফেলেছি। এখন থেকে iBAS++ এবং EFT-এর মাধ্যমে সরাসরি জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করে অর্থ পৌঁছে যাবে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে।