শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:৩৭:১৩

হঠাৎ কেজিতে দাম কমলো ৩০০ টাকা

হঠাৎ কেজিতে দাম কমলো ৩০০ টাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : বাজারে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচে ফিরতে শুরু করেছে স্বস্তি। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত কমেছে। হঠাৎ এই দরপতনে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। অথচ মাত্র দুই সপ্তাহ আগে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৪০০ থেকে ৪২০ টাকা পর্যন্ত।

তবে দেশের বাইরে থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ার কারণে দামে অনেকটাই স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, দেশের প্রধান মরিচ উৎপাদনকারী অঞ্চলগুলো থেকেও মরিচের জোগান বাজারে হঠাৎ বহুলাংশে বেড়েছে বলেও মনে করেন তারা।

তালতলা বাজারে কাঁচা মরিচ বিক্রেতা জাহিদ বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় বাজারে সরবরাহ ব্যবস্থার কোনো ঘাটতি তৈরি হয়নি। একইসঙ্গে বন্যার কারণে কৃষকের উৎপাদন ব্যাহত হলেও এখন বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি বাজারে মরিচ আসছে, এতে দাম কমে এসেছে।

বাজার করতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাসেল মিয়া বলেন, রান্নাবান্নার অন্যতম প্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ। কয়েক দিন আগেও দাম অতিরিক্ত থাকায় ৫০ গ্রামের বেশি কিনতে হিমশিম খেতে হতো। ৩০০ টাকা পর্যন্ত দাম কমে যাওয়া সত্যি স্বস্তিদায়ক।

 বাজার বিশ্লেষকদের মতে, পচনশীল কৃষিপণ্যের বাজার হঠাৎ ওঠানামা ঠেকাতে স্থায়ী সংরক্ষণাগার গড়ে তোলা জরুরি। এ ছাড়া স্থানীয় সরবরাহ ভালো থাকলে আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাজারকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে