বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ০৯:১৮:৪৫

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

এমটিনিউজ২৪ ডেস্ক : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবিত প্রথম সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের এ সফরসূচি নির্ধারিত থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

মঙ্গলবার রাত ৮টায় সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে জেলা প্রশাসনের কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির দুই দিনের ঠাকুরগাঁও সফরের বিষয়টি জানানো হয়েছিল। সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের সার্বিক বন্দোবস্ত করারও নির্দেশনা দেওয়া হয়।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছিল। জেলা প্রশাসনও সফরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিচ্ছিল।

তবে মঙ্গলবার সফরটি স্থগিতের সিদ্ধান্ত আসায় রাষ্ট্রপতির প্রথম জেলা সফর আপাতত হচ্ছে না।

জেলা প্রশাসক মো. রফিকুল হক জানান, আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারিত হতে পারে। পরবর্তীতে তারিখ ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে