শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ০৯:৩৭:১৬

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে।

উদ্যোক্তাদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। ফলে আগামী গ্রীষ্মের আগেই ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে দেশ। তখন বিদ্যুৎ ঘাটতি কমবে।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরব তো তেলের ওপর ভাসছে। সেখানে কেন তেলের দাম বাড়ল? মার্কিন যুক্তরাষ্ট্রে কেন তেল-গ্যাসের দাম বাড়ল? বিশ্ববাজারে দাম তো বাড়ছে। সেখানে আমাদের মতো দেশে কত দিন সমন্বয় না করে থাকবে সরকার?’

তিনি বলেন, ‘তার পরও সরকার জনগণের কথা ভেবে সমন্বয় করছে। এ জন্য নিজেদের মধ্যে পরিমিতিবোধ তৈরি করার পাশাপাশি বাচ্চাদেরও পরিমিত ব্যবহার শেখাতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষার ভীত গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতে হবে। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। সরকারের পক্ষ থেকে তার দায়িত্ব নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দলের কিংবা রাজনৈতিক পরিচয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। কেউ যদি করতে চায়, তার বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে