এমটিনিউজ২৪ ডেস্ক : সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিপর্যায়ের আমানতকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এজন্য আজ মঙ্গলবার থেকেই গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন করতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয় সেগুলো সমন্বয় করে শাখা পর্যায়ে টাকা পাঠাবেন। তারপর গ্রাহকরা টাকা তুলতে পারবেন।
এ বিষয়ে সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করে তা ব্যাংকের সব শাখাগুলোতে পাঠানো হয়েছে। এর আলোকে শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি আমানতকারীদের মূল টাকা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে ব্যাংকের একজন কর্মকর্তা জানান, আমানতকারীদের টাকা দেওয়ার প্রক্রিয়াটি ১ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে। কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন রয়েছে। এগুলো সম্পন্ন করতে এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে। যাতে আমানতকারীদের টাকা দিতে কোনো সমস্যা না হয়।
সম্মিলিত ইসলামী ব্যাংকের সব শাখা বা উপশাখায় আজ থেকেই ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা তাদের জমানো মূল টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন। এসব আবেদন সমন্বয় করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এর আলোকে প্রদান কার্যালয় নগদ টাকার সংস্থান করে শাখা পর্যায়ে টাকা পাঠাবে। সেখান থেকে আবেদনকারীদের টাকা দেওয়া হবে।
নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা আপাতত তাদের মূল টাকা পাবেন। মুনাফার অর্থ পরবর্তীতে তারা তুলতে পারবেন। প্রাতিষ্ঠানিক আমানতকারীরা এখনই স্কিমের বাইরে গিয়ে টাকা তুলতে পারবেন না। ব্যক্তি আমানতকারীদের ঘোষিত স্কিমের বাইরে গিয়ে টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছে।
গ্রাহকদের আবেদনে হিসাবে কত টাকা জমা রয়েছে, তিনি কত টাকা তুলতে চান, প্রয়োজন কি- এসব তথ্য উল্লেখ করতে হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটে দুর্বল হওয়া ৫টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ব্যাংক।
গ্রাহকরা আস্থা হারিয়ে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেছিলেন। কিন্তু সংকটে পড়া ৫ ব্যাংক টাকা দিতে পারেনি। ফলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা নষ্ট হয়। এ কারণে ১ সেপ্টেম্বরকে গ্রাহকদের আস্থা ফেরানোর দিন হিসাবে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে শাখাগুলোকে। এদিন বিশেষ করে সব শাখা ও উপশাখা সাজানো, শাখায় আসা গ্রাহকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে সেবা দিতে বলা হয়েছে। ব্যাংকের প্রতি যাতে গ্রাহকদের আস্থা বাড়ে সেদিকে নজর রাখতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।