মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮:৩০

ই-পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর এলো প্রবাসীদের জন্য

ই-পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর এলো প্রবাসীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের। এখন থেকে আবেদন ফরম পূরণ করার সময়ই নির্ধারণ করা যাবে অ্যাপয়েন্টমেন্টের দিন ও সময়।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নতুন ব্যবস্থা চালু করছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৩১ আগস্ট) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের কনস্যুলার শাখা জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেবাপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা কমাতেই নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের সহযোগিতায় চালু হতে যাওয়া ব্যবস্থায় ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণের সময় আবেদনকারী নিজের সুবিধামতো দিন ও সময়ের অ্যাপয়েন্টমেন্ট বেছে নিতে পারবেন।

ফলে আবেদন জমা দেওয়ার পর আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে হবে না। দূতাবাসের জানিয়েছে, এতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা কমার পাশাপাশি পুরো আবেদন প্রক্রিয়াও আরও দ্রুত ও সহজ হবে।

নতুন নিয়ম চালুর আগে যারা ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণ করে ফেলেছেন তাদের বিষয়ে আগামী ৪ সেপ্টেম্বর নোটিশ দেবে দূতাবাস।

অ্যাপয়েন্টমেন্ট সংকটের মধ্যে এর আগে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা দিতে বিশেষ কনস্যুলার কার্যক্রম চালু করেছিল দূতাবাস।

আগস্ট মাসজুড়ে প্রতি বুধবার ওয়াক-ইন এবং শনিবার বিশেষ সেবার মাধ্যমে আবেদনকারীদের সেবা দেওয়া হয়।
দূতাবাসের হিসাব অনুযায়ী, আগস্টে এসব বিশেষ কার্যক্রমের মাধ্যমে মোট ৯৯২ জন ই-পাসপোর্টসংক্রান্ত সেবা নিয়েছেন। তাদের মধ্যে ২৪৫ জনের পাসপোর্ট বিতরণের অপেক্ষায় রয়েছে। আর ২৬৮টি পাসপোর্ট এখনো প্রিন্টের জন্য অপেক্ষমাণ। এ ছাড়া ৪৮৪ জন আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় পরে সেগুলো দূতাবাসে জমা দেওয়ার কথা জানিয়েছেন। দূতাবাস বলছে, প্রয়োজনীয় কাগজপত্র যত দ্রুত জমা দেওয়া হবে, আবেদনকারীদের নথিও তত দ্রুত বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কিছু আবেদনকারীর নথি ‘অমুদ্রিত পাসপোর্ট’ ও ‘রিভোকড’ সংক্রান্ত জটিলতার কারণে পাসপোর্ট অধিদপ্তর থেকে দূতাবাসে ফেরত এসেছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এসব সমস্যার সমাধান করতে হবে।

ফ্রান্সে ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই প্রবাসীদের মধ্যে অসন্তোষ ছিল। আবেদনকারীর তুলনায় সীমিত স্লট, অনলাইন প্রক্রিয়ায় জটিলতা এবং অ্যাপয়েন্টমেন্টের অনিশ্চয়তা নিয়ে অনেকেই ভোগান্তির কথা জানিয়েছেন। এ অবস্থায় আবেদন ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্টের সুযোগ চালু হলে সেবাপ্রার্থীদের জন্য প্রক্রিয়াটি আগের তুলনায় অনেকটাই সহজ হবে বলে মনে করছে দূতাবাস।

নতুন নিয়ম মেনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাসের কনস্যুলার শাখা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে