মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬:৫৭

স্থানীয় সব নির্বাচনে যেভাবে হবে বিএনপির প্রার্থী নিবাচন, যে নির্দেশ তারেক রহমানের

স্থানীয় সব নির্বাচনে যেভাবে হবে বিএনপির প্রার্থী নিবাচন, যে নির্দেশ তারেক রহমানের

এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সব নির্বাচনে বিএনপির একজন প্রার্থী থাকবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, দলের পক্ষ থেকে একজন প্রার্থী হবে। এই একক প্রার্থী সব জায়গায় বাস্তবায়ন করা হবে, রাজশাহীতেও তাই হবে।

মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। একক প্রার্থী দিতে আমরা স্থানীয়ভাবে বসে ঠিক করব।
আমাদের কাছে দেশ বড়, দল বড়।

মাদক জাতির শত্রু উল্লেখ করে তিনি বলেন, যারা মাদক নিয়ে আসছে, মূল সোর্স, তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিন। আমরা নতুন আইন তৈরি করেছি। যারা ভূমিদস্যু তাদের উৎখাত করা হবে।

জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দেশে শন্তিশৃঙ্খলা সুনিশ্চিত করা হবে। কেউ মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে