এমটিনিউজ২৪ ডেস্ক : ২০০৬ সালের পর দীর্ঘ দুই দশক পর সংসদে ফিরেছেন ঢাকা-৮ আসনের বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে সংসদের কোনো অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি।
প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস।
এদিন সংসদে তাঁর জন্য নির্ধারিত চেয়ারটি এতদিন ফাঁকাই ছিল। অসুস্থ শরীর নিয়েই হুইলচেয়ারে করে অধিবেশনকক্ষে প্রবেশ করেন তিনি।
স্বাগত বক্তব্য দেওয়ার জন্য স্পিকার তার নাম ঘোষণা করলে হুইলচেয়ারে বসেই লিখিত বক্তব্য পাঠ শুরু করেন মির্জা আব্বাস। বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কণ্ঠ ভারী হয়ে আসে। এ সময় সংসদকক্ষে নেমে আসে নীরবতা।
কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা জানেন, আমি দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন ছিলাম। আজকের দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন। ২০০৬ সালের পর দীর্ঘ দুই দশক পর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। একজন সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দ ও গর্বের বিষয় আর কী হতে পারে?’
তিনি বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী ও তার কার্যালয় আমার সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন। মাননীয় স্পিকারও আমাকে দেখে এসেছেন। আপনাদের আন্তরিক আচরণ আমাকে স্পর্শ করেছে।’
আবেগাপ্লুত মির্জা আব্বাস বলেন, ‘আমি যেন আমার জনগণের জন্য কাজ করতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করি। আমি সব সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার ভালোবাসা ও দোয়া এই কঠিন সময়ে আমাকে সাহস জুগিয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০০৬ সালের পর এই সংসদে ফিরে এসে আমি বলতে চাই, আমি মানুষের মাঝে ফিরে এসেছি।’
সবার কাছে দোয়া চেয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমি যদি বেঁচে থাকি, যেন দেশের জন্য কিছু করতে পারি—আল্লাহর কাছে এই কামনা।’