সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০:৩১

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

মো. সাইফুল ইসলাম : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এর আগে, ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছিল দলটি। সেই অবস্থান থেকে সরে আসছে তারা। এখনো ঘোষণা করা না হলেও দলের মধ্যে মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে- ঢাকা উত্তরে প্রার্থী হবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী।

আগামী দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী আবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। এরইমধ্যে আসিফ মাহমুদ দক্ষিণ থেকে উত্তর সিটিতে ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঢাকা পোস্টকে বলেন, এটা আমরা দুই এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি প্রেস বিফ্রিং করবো। সেখানে জানানো হবে।

চলতি বছরের ২৯ মার্চ দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে পাঁচ সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেন তিনি। 

নাহিদ ইসলামের ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ার কথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা আছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবো। 

দলটির সূত্র মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রায় ছয় মাস আগে নেওয়া প্রার্থীসংক্রান্ত অবস্থান থেকে সরে আসছে এনসিপি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে যাদের নিয়ে দলটি ভাবছিল, তাদের পরিবর্তে নতুন করে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতাকে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রার্থী করার বিষয়টি বর্তমানে দলের আলোচনায় রয়েছে। 

তাদেরকে প্রার্থী করার বিষয়টি প্রায় চূড়ান্ত বলে একাধিক সূত্র জানিয়েছেন। এরমধ্যে তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটারও হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) তারা নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন বলে জানা গেছে।

ঢাকা উত্তর ও দক্ষিণে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থিতায় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণে একটি ইনিশিয়াল প্রার্থিতা দিয়েছিলাম। তো সেই জায়গায় এখন সময়ের প্রয়োজনে আমরা মনে করছি যে এটা পরিবর্তন হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা ফাইনাল না।

তিনি আরও বলেন, আমাদের যারা নেতৃত্ব আছেন, তারা নিজেরা নিজেদের মতো করে ভোটার হচ্ছেন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায়। এটা ইঙ্গিতবহ। বাট এটা এখনো চূড়ান্ত না। চূড়ান্ত হলে ইনশাআল্লাহ আমরা জানাবো।

প্রার্থী পরিবর্তনের সুযোগের কথা জানিয়ে তিনি বলেন, এ ধরনের হতে পারে এবং এটা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে, চূড়ান্ত মনোনয়ন দাখিলের পূর্ব পর্যন্ত কিন্তু এটা পরিবর্তন হতে পারে।

এনসিপির রাজনীতি শুধু নির্বাচনকেন্দ্রিক নয় উল্লেখ করে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, সবচেয়ে বড় বিষয় হলো যে, এনসিপির যে রাজনীতি, এটা আসলে শুধুমাত্র নির্বাচন দিয়েই যে তা না। হ্যাঁ, এ রাজনীতি ডিফাইন হবে তা না, বরং নির্বাচনের মাধ্যমে আমাদের যে নেতাকর্মীরা আছে, তারা উজ্জীবিত হবে এবং তারা তাদের মতো করে তৃণমূলে ছড়িয়ে পড়বে। তৃণমূলের সংগঠনগুলোকে শক্তিশালী করবে। এটাই আমাদের প্রত্যাশা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আর দক্ষিণ সিটি করপোরেশন থেকে উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডে ভোটার এলাকা স্থানান্তর করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর আগে তিনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে। এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকাও সফলভাবে স্থানান্তর করেছেন। ইতোপূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও, সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩–এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তার আবেদন করা হয়েছিল। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে এবং তার ভোটার এলাকা স্থানান্তরের অনুমোদন দিয়েছে।-ঢাকা পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে