এমটিনিউজ২৪ ডেস্ক : নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য প্রতি ১০ শলাকায় ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা বা তার বেশি নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য (প্রতি ১০ শলাকা) ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর স্থলে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ পুনর্নির্ধারণ করে মূল্য ঠিক করা এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই মূল্য বৃদ্ধির ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য রোধ হবে এবং সরকারের রাজস্ব ঘাটতি হ্রাস পাবে। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।