বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২:২১

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার রাতে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে রিয়াদ-তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের পরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

নিহতরা হলেন, করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম।

দুর্ঘটনা-সংক্রান্ত নথি অনুযায়ী, নিহত চারজনই বাংলাদেশি নাগরিক। প্রাথমিকভাবে তাদের সবার বাড়ি সিলেটে বলে জানা গেছে। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিবৃতিতে বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও কষ্ট সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে